বাংলায় যাত্রা শুরু আরডুইনোর
প্রথমবারের মতো মুক্ত দর্শনের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রতিস্ঠানের আরডুইনোর সার্টিফিকেশন প্রোগ্রামে যুক্ত হলো বাংলা ভাষা। বাংলা ভাষাতে আরডুইনোর সনদ প্রাপ্তি ছাড়াও বিশ্বমানের এই সংস্থা দেশে কারিগরী লোকবল তৈরি এবং ২০২৫ সালে ইন্টারনেট অব থিংসের হার্ডওয়্যার তৈরির হাব হিসেবে বাংলাদেশের সহযাত্রী হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান কারিগরী কর্মকর্তা ও আরডুইনো-এর সহ প্রতিস্ঠাতা ডেভিড কুয়ার্তিলেস।
শনিবার এক ওয়েবিনারে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে “আরডুইনো” এর কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় তিনি বলেন,”যেই মূহুর্তে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে, ঠিক সেই মুহূর্তে ডিজিটাল ইনোভেশন ইকোসিস্টেম তৈরী করতে আজকের এই পদক্ষেপ এই গতিকে আরো প্রভাবিত করবে। এই উদ্যোগ আরডুইনো এর মত বিশ্বজনপ্রিয় এই প্ল্যাটফর্মকে বাংলাদেশের শিক্ষার্থীদের দোড়গোড়ায় এনে দেবে।“
আরডুইনো বাংলা ভাষায় অনুমোদিত দক্ষ মানব সম্পদ তৈরী করতে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন প্রতিমন্ত্রী।
ভার্চুয়াল এই বৈঠকে দেয়া বক্তব্যে বিডিওএসএন সভাপতি অধ্যাপক মোহাম্মাদ জাফর ইকবাল বলেন, শুধু কোড লেখার জন্য আমাদের আঙ্গুলের ব্যবহারই যথেষ্ট নয়, কাজে লাগাতে হবে হাত দুটোকেও। হার্ডওয়্যার কে কাজে লাগিয়ে খুজতে হবে নতুন সম্ভাবনা। আমি আজ অত্যন্ত আনন্দিত যে আরডুইনো এর মত আন্তর্জাতিক কার্যক্রম বাংলাদেশে বাংলা ভাষায় চালু হয়েছে এতে করে দেশের সব স্তরের শিক্ষার্থীরা আরডুইনো শিক্ষায় আরো বেশী আগ্রহী হবে”। এমআইটি ল্যাবে ভ্রমণের সময় আরডুইনোর ‘ম্যাজিক বোর্ডের’ কথা প্রথম জানতে পরে উল্লেখ করে তিনি বলেন, “এই ছোট্ট বোর্ডটি আমাদের শিক্ষার্থীদের নিজে নিজে কিছু করাতে অনুপ্রাণিত করে। এখন তারা আরডুইনোর অন্যান্য বোর্ড, উপকরণ ও সফটওয়্যার নিয়েও কাজ করতে পারবে।”
বক্তব্যে সৌখিন ইলেকটট্রনিক্স ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আরডুইনো বোর্ডের ডিজাইনার, আরডুইনোর সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও ডেভিড কুয়ার্তিলেস বিশ্বের তিনহাজার শিক্ষা প্রতিস্ঠানে আরডুইনোর স্কুল কার্যক্রম এবং তাদের শিক্ষা কার্যক্রমের বাংলাদেশের যুক্ত হওয়াকে স্বাগত জানান। তিনি আশা করেন হয়তো আরডুইনোর নতুন কোন বোর্ড বা প্রোডাক্টের ডিজাইন ও উন্নয়নের সঙ্গে বাংলাদেশের মেধাবী শিক্ষার্রথীরা সরাসরি সম্পৃক্ত হবে।
এসময় তিনি বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস প্রস্তুতকারক এবং রপ্তানীকারক দেশ হিসেবে আগামীতে দেখতে চান বলে জানান।
বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আরডুইনো সহ-প্রতিষ্ঠাতা মাসিমো স্যাখ্যি, আইওটি ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. ইমরান মোহাম্মাদ আমিন, কোড১৯ এর পরিচালক (বিজনেস ডেভলাপমেন্ট) ইমতিয়াজ ফারহান বিন হাবীব ও ডাটা সফট ম্যানেজিং ডিরেক্টর এবং প্রম্তাবিত বাংলাদেশ ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশেনের উদ্যোক্তা মাহবুব জামান।